২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন সদস্যের তদন্ত কমিটি

ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

কোষাধ্যক্ষ কুণ্ড গোপী দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর মো. আইনুল হক।

কমিটির অন্য দুই সদস্য হলেন ভারপ্রাপ্ত প্রক্টর ও ছাত্র-পরামর্শক আহসান উল্লাহ।

প্রক্টর আইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সময় নির্দিষ্ট করা হয়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শোকের মাস উপলক্ষে ১ অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

“এ সময় গোলাগুলিতে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র সাইফুল খালিদ নিহত হন, আহত হন আরও অন্তত ১১ জন।”

খালিদ ছিলেন কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবদিনের ছেলে।

রাতের ওই ঘটনার পর সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরে পুলিশ বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে বঙ্গবন্ধু হলের পানির ট্যাংকের ভেতর থেকে একটি পিস্তলসহ মোট ৪৫টি ধারালো অস্ত্র ও ২০টি লোহার রড উদ্ধার করে বলে জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

পুরনো খবর:

কুবিতে শোকের মাসের অনুষ্ঠানে ছাত্রলীগের গোলাগুলি, নিহত ১
কুবি হলের পানির ট্যাংকে পিস্তল, ধারালো অস্ত্র