কুবি হলের পানির ট্যাংকে পিস্তল, ধারালো অস্ত্র
ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যুর প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর হলে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীদের হল ছাড়া শুরুর আগেই তিনটি ছাত্র হলে পুলিশের এই অভিযান শুরু হয়।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, অভিযানে বঙ্গবন্ধু হলের পানির ট্যাংকের ভেতর থেকে একটি পিস্তলসহ মোট ৪৫টি ধারালো অস্ত্র এবং ২০টি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে তিন বহিরাগতকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
একই সময়ে কাজী নজরুল ইসলাম হলেও পুলিশের অভিযান চলে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শোকের মাস উপলক্ষে ১ অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
‘এ সময় গোলাগুলিতে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র সাইফুল খালিদ নিহত হন, আহত হন আরও অন্তত ১১ জন।”
সাইফুল খালিদ ছিলেন কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবদিনের ছেলে।
রাতের ওই ঘটনার পর সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টার মধ্যে ছাত্রদের এবং বেলা ২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আইনুল হক জানান।
অভিযানের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে হল ছাড়তে দেওয়া হয়। কেউ পরিচয়পত্র দেখাতে না পারলে তাকে আটক করা হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
