নূর হোসেনের স্ত্রী গ্রেপ্তার দুর্নীতির মামলায়
দুর্নীতির একটি মামলায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার করেছে দুদক।
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নিজ বাড়ি থেকে রুমা আক্তারকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জুলফিকার আলির নেতৃত্বে একটি টিম সকাল ৭টার দিকে নূর হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
“দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় সোমবার সকালে জুলফিকার আলি রাজধানীর রমনা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলার আসামি হিসেবে রুমাকে গ্রেপ্তার করা হয়েছে।”
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের ৮ ডিসেম্বর রুমা হোসেন দুদকে একটি সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি তিন কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।
“এছাড়া ওই বিবরণীতে উল্লেখ করা সম্পদের মধ্যে পাঁচ কোটি ২২ লাখ তিন হাজার ১১৬ টাকার সম্পদের কোনো সঙ্গতিপূর্ণ উৎস তিনি দেখাতে পারেননি।”
সাত খুন মামলায় নূর হোসেন এখন কারাগারে আছেন।
