গোপালগঞ্জে ট্রলার ডুবে শিশু নিখোঁজ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রলার ডুবে দশ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা ফেরীঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর জানান।
নিখোঁজ বাঁধন যশোরের লিটন ও মিনা বেগমের ছেলে। লিটন ইটালিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মিনা তার ছেলে বাঁধন ও মেয়ে অন্তরাকে নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য কালনা ফেরী ঘাট থেকে ট্রলারে ওঠেন।
“মধুমতি নদী পাড় হয়ে ট্রলারটি গোপালগঞ্জের কালনা পাড়ে এলে ঘাটে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়।”
মিনা তার মেয়ে অন্তরাসহ নৌকার সবাই তীরে উঠতে পারলেও বাঁধনের কোনো খোঁজ মেলেনি বলে জানান ওসি।
ওই ট্রলারের যাত্রী যশোরের মীরাপাড়ার বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন, নড়াইল জেলার লোহাগড়া পাড় থেকে তারা ১৬ যাত্রী ট্রলারে ওঠেন।
“ট্রলার কালনা পাড়ে পৌঁছালে মাঝির অসাবধানতায় নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলার উল্টে যায়।”
বাঁধনকে উদ্ধারের ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। দুর্ঘটনার পর ট্রলারের মাঝি পালিয়ে গেছে বলে জানান ওসি।
