২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নিবরাজের ঝিনাইদহের মেস মালিক আটক

গুলশানের ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলাম ঝিনাইদহের সোনালীপাড়ার যে মেসে ছিলেন, তার মালিকসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 11:29 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

এরা হলেন- বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত সেনা সদস্য কওছর আলী এবং পাশের মসজিদের ইমাম মো. রোকনুজ্জামান। এই ইমামই নিবরাজকে ওই মেসে নিয়ে যান বলে এর আগে জানিয়েছিলেন মেস মালিকের স্ত্রী বিলকিস।

ঝিনাইদহ র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ মঙ্গলবার রাতে দুজনকে আটকের কথা জানান; যদিও দুজনকে বেশ কয়েকদিন আগে ধরে নেওয়া হয়েছিল তাদের পরিবারের দাবি।

গত ফেব্রুয়ারি থেকে ‘নিখোঁজ’ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবরাজ গুলশানে হামলার আগে সাঈদ পরিচয়ে ঝিনাইদহের ওই মেসে ছিলেন বলে এলাকাবাসী শনাক্ত করেন।

স্থানীয়রা বলছেন, ঝিনাইদহ শহরের হামদহ সোনালীপাড়া এলাকার ওই মেসে নিবরাজের সঙ্গে আরও সাতজন ছিলেন। তাদের একজন আবীর রহমান ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলার পর গোলাগুলির মধ্যে নিহত হন।

মসজিদের ইমাম রোকনুজ্জামান এদের সবাইকে ওই মেসে তুলেছিলেন বলে বাড়িওয়ালা কওছরের স্ত্রী বিলকিস নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

তিনি আরও বলেছিলেন, গুলশানে হামলার পর ঈদের আগের রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক এসে বাড়ি ও মেস তল্লাশি করে কওছর ও রোকনুজ্জামান তুলে নিয়ে যায়।

তবে মেজর মনির বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে শহরের পাগলাকানাই এলাকায় সন্দেহজনকভাবে ওই দুজনকে ঘোরাফেরা করতে দেখে র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। বিকালে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।”

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, “র‌্যাব দুজনকে থানায় দিয়ে গেছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুরনো খবর:

ঝিনাইদহের মেসে নিবরাজের সঙ্গে আবীরও থাকতেন
নিবরাজসহ ‘৮ জনকে’ মেসে তোলেন রোকন
সাঈদ নাম নিয়ে ঝিনাইদহে ছিলেন নিবরাজ