২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল চত্বরে নিষিদ্ধ, তাই ধর্মঘটে বেসরকারি অ্যাম্বুলেন্স

সদর হাসপাতাল চত্বরে অবস্থান নিষিদ্ধ করায় ধর্মঘট শুরু করেছে কিশোরগঞ্জের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 04:55 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

জেলার সিভিল সার্জনের নির্দেশে কিশোরগঞ্জ সদর হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান নিষিদ্ধ করায় রোববার থেকে এ ধর্মঘট ডাকে তারা।

ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ২০টি বেসরকারি অ্যাম্বুলেন্স।

এদিকে এসব অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় সদর হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, হাসপাতালের ভেতরে ও বাইরে কোথাও বেসরকারি অ্যাম্বুলেন্স রাখতে না দেওয়ায় তারা এ ধর্মঘট ডেকেছেন।

হাসপাতালের এক রোগীর স্বজন মো. ফজলুর রহমান বলেন, চিকিৎসক গতকাল বিকালে গুরুতর অসুস্থ চাচাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অ্যাম্বুলেন্স না পাওয়ায় নিতে পারেননি।

আরেক রোগীর স্বজন আব্দুস সাত্তার বলেন, এতবড় একটি হাসপাতালে মাত্র দুটি অ্যাম্বুলেন্স। প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব রোগীদের স্বার্থে বিষয়টি সুরাহা করা।

সিভিল সার্জন আব্দুল গণি বলেন, সরকারি নির্দেশ মোতাবেক হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান নিষিদ্ধ থাকায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।