বগুড়ায় সোমবার বিএনপির হরতাল
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে সোমবার বগুড়ায় আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
রোববার বিকালে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন ।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস এবং তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড সঙ্গে ৪০ কোটি টাকা জরিমানা করেন।
এই রায়ের বিরুদ্ধে দুদকের আপিলে গত ২১ জুলাই হাই কোর্ট মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রাখলেও অর্থদণ্ড ৪০ কোটি টাকা থেকে কমিয়ে ২০ কোটি টাকা এবং তারেকের খালাসের রায় বাতিল করে এই মামলার তাকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়।
বিএনপি নেতা সাইফুল বলেন, “তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে শনিবার বগুড়ায় দলের জরুরি সভা হয়। ওই সভা থেকে সোমবার জেলায় আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়।”
