শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার বিকালে ভাড়াউড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন বিডিনিউউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দিনাজপুরের পাবর্তীপুরের শিবপুর অভিমুখী সারবাহী একটি ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল।
“বেলা ৪টা ১৫ মিনিটে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় ভাড়াউড়া চা বাগানের ২৯২ কিলোমিটারে ট্রেনটির পিছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।”
ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস কুলাউড়া এবং সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সাতগাঁও স্টেশনে আটকা পড়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে কুলাউড়া থেকে একটি ও আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
