২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১১৪ জনের সন্ধান চেয়ে জিডি

যশোরে নিখোঁজ ১১৪ জনের মধ্যে তিনজন জঙ্গিবাদে জড়িয়েছে বলে ধারণা করছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 12:15 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

পুলিশ সুপার আনিসুর রহমান বলছেন, বুধবার পর্যন্ত যশোরের বিভিন্ন থানায় ১১৪ জনের সন্ধান চেয়ে জিডি করেছেন তাদের স্বজনরা।

“তাদের মধ্যে তিনজন জঙ্গি-তৎপরতা চালাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

এর বাইরে পুলিশ আরও দুইজনের জঙ্গি-তৎপরতার খবর পেয়েছে, যাদের স্বজনরা জিডি করেনি বলে জানান পুলিশ সুপার।

জিডি হওয়া সন্দেহভাজন তিন জঙ্গি হলেন কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪), ফজলে রাব্বি (২১) ও মেহেদি হাসান জিম (১৯)। অন্য দুইজন হলেন জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম (৪২) ও রায়হান (২১)।

পুলিশ সুপার বলেন, “রায়হান যশোর শহরের ধর্মতলা মোড় এলাকার আব্দুস সালামের ছেলে ও হিজবুত তাহরীরের কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা আছে। রায়হান প্রায় তিন বছর ধরে নিখোঁজ।”

পুলিশ সুপার জানান, মুন্না যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার সোবহানের ছেলে। ফজলে রাব্বি মাগুরার কাজী হাবিবুল্লাহর ছেলে; যশোরের কিসমত নওয়াপাড়া এলাকায় এক সময় বসবাস করতেন। মেহেদি হাসান জিম শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আওরঙ্গজেবের ছেলে। নকশা নাজিম মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে।

সন্দেহভাজনদের জঙ্গি-তৎপরতা থেকে ফিরিয়ে আনার জন্য পুলিশ উদ্যোগ নিয়েছে বলে জানান পুলিশ সুপার।

“তারা ভুল পথ থেকে ফিরে এলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আইনগত সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে সুপথে ফেরার জন্য তাদের কাউন্সেলিং করা হবে।’’

ইতোমধ্যেই পাঁচজনের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে বলে তিনি জানান।

“এখন পর্যন্ত কামরুজ্জামান ও ফজলে রাব্বির পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের মা-বাবারা পুলিশকে জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।”

অন্য তিনজনের পরিবারকে খবর দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

সম্প্রতি দেশে জঙ্গি-তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে পুলিশ জিডিগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার বলছেন, তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের অনেকে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছে। অনেকে গোপনে বিয়ে করে পরিবার ত্যাগ করেছে। কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছে।

নিখোঁজদের সম্পর্কে র‌্যাব-৬-এর যশোর ক্যাম্পের সিও মেজর মেহেদি আহসান বলেন, তাদের অধিকাংশই বিদেশে পাড়ি জমিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি এখনও তদন্তাধীন বলে তিনি জানান।