২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর কলাবাগানে শিশুর লাশ

নিখোঁজের তিন দিন পর নরসিংদী সদর উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্যের ১০ বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।    

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাদী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান।

নিহত মরণ চন্দ্র দাস উপজেলার জিনারদি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বিজন দাসের ছেলে এবং স্থানীয় রাজাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছেলেকে অপহরণ করা হয় উল্লেখ করে মঙ্গলবার বিজন দাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পরিদর্শক আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় বুধবার সুমন মিয়া (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।   

“তার দেওয়া তথ্যে রাজাদী গ্রামের ডাক্তার চন্দন বর্মনের কলা বাগান থেকে পুলিশ মরণের লাশ উদ্ধার করে।”

লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসি জানায়, সুমন এক সময় বিজন দাসের সঙ্গে চলা ফেরা করত। সুমন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় বিজন তাকে বাধা দেন। এর জেরে মরণকে অপহরণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।