১০ ঘণ্টা পর চট্টগ্রামের পথে রেল চালু
ফেনীতে মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর আবার চালু হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় ইঞ্জিনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ফেনী রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান।
ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে একটি বিকল ট্রাককে মালবাহী ট্রেন জোরে ধাক্কা দিলে এর ইঞ্জিন উল্টে রেলপথ বন্ধ হয়ে যায়।
রেল কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উল্টে পড়া ইঞ্জিন উদ্ধার করলে বেলা আড়াইটায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তবে এর আগে সকাল ১০টায় উল্টে পড়া ইঞ্জিনটি সামান্য সরিয়ে একটি লাইন চালু করে আটকা পড়া ১০টি ট্রেনকে দুর্ঘটনাস্থল পার করে দেওয়া হয় বলে তিনি জানান।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেল কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর লাকসাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে চট্টগ্রামমুখী আটটি ও ঢাকামুখী দুটি ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনা সম্পর্কে এখানকার গেটম্যান ওসমান ও মোশারফ হোসেন মামুন বলছেন, তারা বারবার সিগনাল দিলেও মালবাহী ট্রেনটি গতি কমায়নি।
অপরদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, কিছু গাড়ি ক্রসিং দিয়ে গেলেও বেশির ভাগই ফেনী শহর হয়ে গ্র্যান্ড ট্র্যাংক রোড দিয়ে চলাচল শুরু করে। ছোট রাস্তায় বেশি গাড়ির চাপে মাঝে মাঝে হালকা যানজট হয়। এছাড়া উল্টে পড়া ইঞ্জিন প্রধান সড়কে পড়ে থাকায় পাশ কাটিয়ে ধীরগতিতে যান চলাচল করে।
