২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১৩ জনের নিখোঁজ হওয়ার তথ্য

দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনের নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 01:06 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

গত দেড় বছরের মধ্যে এদের একজন ছাড়া সবার পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান চাওয়া হয়েছে বলে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি) পরিদর্শক রবিউল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিখোঁজদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার ১০ জন, খানসামায় দুই জন ও চিরিরবন্দরের একজন রয়েছে।

“এদের মধ্যে চিরিরবন্দর উপজেলায় তেতুলিয়া বাহারউদ্দীন সাহাপাড়ার আনারুল হক (২২) তিন বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায় বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।”

অন্যদের সবার পরিবার সংশ্লিষ্ট থানায় জিডি করলেও আনারুলের বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আনারুলের স্বজনদের বরাত দিয়ে রবিউল বলেন, “কোরআনে হাফেজ হওয়ার পর সে বাড়ি  থেকে পালিয়ে যায়। গত বছরে একবার বাড়ি ফিরে ১৮/২০ দিন থাকলেও এরপর আবার নিখোঁজ হন।”

ঘোড়াঘাটের নিখোঁজ ১০ জন হলেন- সাহেবগঞ্জ মাজারপাড়া গ্রামের সাইদুর রহমান (২২), কশিগাড়ী গ্রামের তরিকুল ইসলাম (১২), শ্যামপুর পূর্ব কলেজপাড়ার সুজন চন্দ্র (১৯), ঋষিঘাট গ্রামের সামিউল ইসলাম (২৭), পশ্চিম পালশা গ্রামের ইব্রাহিম (২০), নন্দনপুর গ্রামের আব্দুল হাদি (১৯), চেচুড়া গ্রামের আমজাদ হোসেন (২৭), কলাবাড়ী গ্রামের সারওয়ার হোসেন (২৫), পালোগাড়ী গ্রামের আবুল কাশেম (২৮) ও কশিগাড়ী গ্রামের আখতারুল ইসলাম (২৮)।

তাদের সন্ধান চেয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় তিনটি জিডি করা হয় বলে রবিউল জানান।

আর খানসামার নিখোঁজ দুজনের মধ্যে রয়েছেন গোয়ালডিহি গ্রামের সাদ্দাম হোসেন (২১) ও গোবিন্দপুর হলদিপাড়ার  আশরাফুল আলম (২৪)। তাদের সন্ধান চেয়ে চলতি বছর ১১ ও ১৮ জুলাই থানায় জিডি করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিখোঁজ ১৩ জনের তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

কোনো ধরনের জঙ্গি বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এবং এর আগে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এই তিন উপজেলায় ব্যাপক তাণ্ডব ও নাশকতা চালানো হয়।