মাগুরা পুলিশের জঙ্গিবিরোধী গান প্রচারের উদ্যোগ
তরুণদের জঙ্গিবাদ থেকে ফিরে আসার আকুতি জানিয়ে জঙ্গিবিরোধী গান প্রচারের উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ।
জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে শুক্রবার সন্ধ্যায় মাগুরা শহরের আসাদুজ্জামান মিলনায়তনে এ ঘোষণা দেন পুলিশ সুপার এহসান উল্লাহ।
অনুষ্ঠানে স্বরচিত একটি গান পরিবেশন করেন লিটন ঘোষ জয়। লিটন মাগুরার সমকাল সুহৃদ সমাবেশ কমিটির সাধারণ সম্পাদক, শিশুসাহিত্যক ও গীতিকার।
পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলা ও শিক্ষিত তরুণদের এর সঙ্গে জড়িত থাকার প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ।
এরই অংশ হিসেবে গীতিকার লিটনকে দিয়ে গানটি লেখানো হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ইতোমধ্যেই গানে সুরারোপ করে জনপ্রিয় সংগীতশিল্পী এসাআই টুটুলের কণ্ঠে রেকর্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। মাগুরার প্রতিটি জঙ্গিবিরোধী সভা-সমাবেশে গানটি পরিবেশন করা হবে।
“এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে এর সিডি সারাদেশে জঙ্গিবিরোধী প্রচারণার জন্য সরবরাহ করা হবে। ভিডিও চিত্র ধারণ করে বিটিভিসহ দেশের টিভি চ্যানেলে প্রচারের চেষ্টা করা হবে।”
লিটন ঘোষ জয় রচিত সেই গানটি
মা তোর কাঁদছে ঘরে
খোকা বলে হাত বাড়িয়ে
বাবা তোর অপেক্ষাতে রোজ
পথ চেয়ে থাকে দাঁড়িয়ে
সোহাগী বোনের চোখে জল
কাঁদছে ভাই গোপনে ছলছল
ফিরে আয় খোকা ফিরে আয়
আঁধারে যাস না হারিয়ে
খোকা তুই নেই বলে
ঘরটা আজ নিকষ কালো
তোকে ঘিরেই স্বপ্ন-আশা
তুই আমার নয়নের আলো
তোকে ছাড়া আমরা বল
বেঁচে থাকি কেমন করে
চেয়ে দেখ বন্ধু তোর
ডাকছে প্রিয় নাম ধরে
আই খোকা ফিরে আয়
আয় খোকা ফিরে আয়
