জয়পুরহাটে সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি
জয়পুরহাটে হিন্দু পুরোহিত ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাসহ বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেএমবি পরিচয়ে চিঠি পাঠানো হয়েছে।
জেলা ও দায়রা জজ আব্দুর রহিমের অফিসের ঠিকানায় বৃহস্পতিবার ডাকযোগে চিঠি পাঠানোর পর ওই দিন রাতেই জিডি হলেও সোমবার রাতে সাংবাদিকদের জানান সদর থানার ওসি ফরিদ হোসেন।
তিনি বলেন, চিঠিতে বিচারক আব্দুর রহিমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
“জেএমবির পরিচয়ে পাঠানো চিঠিতে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন দপ্তর, র্যাব ক্যাম্প, থানা, আদালত ভবন, পুলিশ লাইন, সোনালী ও অগ্রণী ব্যাংক, ডিবি অফিস ও মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”
এছাড়া হিন্দু পুরোহিত ও সেবায়েতসহ জেলার সব ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে ওসি জানান।
হাতে লেখা ওই চিঠিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, “আমাদের ৩০-৪০ জন সদস্য জেলখানায় আটক আছে। দয়া করিয়া তাদের জামিন দিয়া অতি শীঘ্রই অন্যত্র চলিয়া যান। আমাদের মেজাজ খারাপ আছে। ছয়জন সদস্য গুলশানে মারা গেছে, তার প্রতিশোধ বিচারক মারিয়া নিব। যদি বাঁচার ইচ্ছা হয় অন্যত্র চলে যান। জয়পুরহাট ধ্বংস করতে যা ইচ্ছা তাই করব। মহিলা বিচারকগুলোকে জবাই করা হবে। আমরা ছাড়ব না, আত্মঘাতী বোমা মারিয়া প্রতিশোধ নিব।”
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, পুলিশ সতর্কতার সঙ্গে তদন্তের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
