পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় তাদের লাশ পাওয়া যায় বলে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান।
শিশু দুজন হলো একই এলাকার ফকিরটারী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের দুই মেয়ে হিরা মনি (১০) ও হিমু মনি (৫)। হিরা স্থানীয় জহির হাজী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় আমির হোসেন নামের এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে হিরা ও হিমু তাদের মা-বাবার সঙ্গে পশ্চিম বেজগ্রাম এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নানা লুৎফর রহমানের বাড়িতে বেড়াতে যায়।
দুপুরে হাবিবুর রহমান ও তার স্ত্রী সন্তানদের নানা বাড়ি রেখে কাজে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুই মেয়েকে আনতে গিয়ে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও পাননি বলে জানান আমির।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, সকালে লুৎফর রহমানের বাড়ির পাশের একটি পুকুরের দুবোনের লাশ দেখে স্থানীয়রা তাদের পরিবারকে খবর দেয়।
