পতাকা বৈঠকে জঙ্গি বিষয়
বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জঙ্গি চলাচল ও অবৈধ অস্ত্র পাচার বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে।
সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাংলোয় সেক্টর কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মো. জাকির হোসেন বলেন, দুদেশের সীমান্ত দিয়ে জঙ্গিদের চলাচল ও অবৈধ অস্ত্র পাচার রোধে আরও সক্রিয় ভূমিকা পালনে দুই বাহিনী একমত হয়েছে।
“এ লক্ষ্যে উভয় বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি যৌথ টহল জোরদার, কার্যকর তথ্য বিনিময়ের উপর জোর দেওয়া হয়।”
জঙ্গি সমস্যা ছাড়াও সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধান ও মাদক পাচার রোধে নজরদারি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে পানিসাগর সেক্টরের ডিআইজি ডি কে শর্মা ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজীব সিনহা নেতৃত্ব দেন।
