গাজীপুরে ভাইকে হত্যায় যুবকের ফাঁসির রায়
গাজীপুরে তিন বছর আগে বড় ভাইকে হত্যার মামলায় ছোট ভাইকে ফাঁসির রায় দিয়েছে আদালত।
সোমবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত রায়হান উদ্দিন (২৫) কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার ইউসুফ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে রায়হান উদ্দিন তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।
“পরে অজ্ঞান অবস্থায় জহিরুলকে টেনেহিঁচড়ে বাড়ির কাঁচা শৌচাগারের গর্তে ফেলে ফেলে ঢাকনা লাগিয়ে দেন।”
মামলার বরাত দিয়ে হারিজ জানান, ঘটনার পর জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামা শ্বশুরবাড়ি থেকে ফিরে ওই টয়লেটের কাছে রায়হানকে দেখতে পান। এসময় জহিরুলকে খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়ালঘরে রক্তের দাগ দেখে চিৎকার দেন।
“পরে স্থানীয়রা শৌচাগারের গর্ত থেকে জহিরুলকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে ঘটনার রাতেই মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম রায়হান উদ্দিনের বিরুদ্ধে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আদালতে অবিযোগপত্র দেন।
