২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে ৪ ‘জঙ্গি’ আটক

কুড়িগ্রাম শহরের একটি ছাত্রাবাস থেকে জঙ্গি সন্দেহে চার কলেজছাত্রকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার বিকালে উত্তর কামারপাড়ার ‘তৌহিদ ছাত্রাবাস’ থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।   

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ীর ভাঙ্গামোড় এলাকার সৈয়দ আলীর ছেলে আজিজার রহমান আজিজ (২০), ফুলবাড়ী হাসপাতাল এলাকার হাছেন আলীর ছেলে সাহজামাল (২৫), নাগেশ্বরীর চড়ুয়াপাড়া গ্রামের আনছার আলীর ছেলে নুর আলম (২০) এবং উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (২৬)।

এরা সবাই কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতকের ছাত্র।

আজিজার রহমান আজিজ গণিত সম্মান ২য় বর্ষ, সাহজামাল হিসাববিজ্ঞান সম্মান শেষ বর্ষ, নুর আলম বাংলা সম্মান প্রথম বর্ষ এবং রিপন মিয়া পদার্থবিজ্ঞান সম্মান প্রথম বর্ষের ছাত্র।

কুড়িগ্রাম থানার ওসি জমির উদ্দিন বলেন, তাদের জঙ্গি কানেকশন এবং কোনো প্রকার হামলার পরিকল্পনা ছিল কি না তা জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্ বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রাপ্ত তথ্য-উপাত্ত্ব যাচাই-বাচাই করা হচ্ছে। আটকৃতদের নিয়ে অফিসাররা অভিযান পরিচালনা করছেন।

নিজস্ব তদন্ত শেষে দ্রুততম সময়ে বিস্তারিত মিডিয়ার সামনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান সাগর বলেন, দুপুরে কলেজ ক্যাম্পাসে নুর আলমকে সন্দেহজনকভাবে ঘোরঘুরি করতে দেখে সন্দেহ হয়।

“ওই সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাকে আটক করি। ওই সময় তার মোবাইল ফোনে শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখতে পাই।”

এছাড়া তার ফেসবুক আইডিতে আইএস (ইসলামিক স্টেট), জেএমবি ও শিবিরের বরাতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ, মন্তব্য এবং বিভিন্ন তরুণকে এ পথে আসার আমন্ত্রণ জানানোর প্রমাণ মেলে বলে জানান ওয়াহিদুজ্জামান সাগর।

“তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির প্রমাণ মেলে তার দেওয়া তথ্যে।”

ওয়াহিদুজ্জামান সাগর বলেন, নুর আলমকে সঙ্গে নিয়ে কলেজের পিছনে উত্তর কামারপাড়াস্থ তৌহিদ ছাত্রাবাসে গিয়ে বৈঠক করা অবস্থায় তার তিন সঙ্গীকে আটক করা হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়।

“ওই সময় জঙ্গি সদস্য বলে জানতে পেরে স্থানীয়রা তাদের গণধোলাই দেয়। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশে দিলে তাদের গ্রেপ্তার করা হয়।”

ওই ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, জামায়াত নেতাদের লেখা বিভিন্ন বই এবং শিবিরের চাঁদা আদায় ও আয়ের রশিদ উদ্ধার করা হয়। নিজামী ও গোলাম আযমের বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সাহজামালের পকেট থেকে হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে তিনি জিহাদ করতে শহীদ হওয়ার কথা উল্লেখ করেছেন। 

নুর আলম বলেন, তার সঙ্গীরা তৌহিদ ছাত্রাবাস, মেঘলা ছাত্রবাস ও সৌমিক ছাত্রাবাসে দীর্ঘদিন থেকে বসবাস করছে। পুলিশের অভিযানের ভয়ে তার ছয় সঙ্গী পালিয়ে যায়। এরা সবাই জেএমবির সঙ্গে জড়িত।

পলাতকরা হলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা সম্মান দ্বিতীয় বর্ষের মোর্শেদ ও জিহাদ, পদার্থবিজ্ঞানের রুবেল ও শামসুজ্জামান, রসায়ন বিজ্ঞানের হাসান ও সামিউল।

এক মেয়েকে লেখা সাহজামালের চিঠিতে শহীদ হওয়ার অঙ্গীকারের কথা বলা আছে।

“--- দুনিয়া আমার জন্য কয়েদখানা এবং পরকালে রয়েছে আল্লাহর জান্নাত, তাই এই শহিদী কাফেলার নেতার হুকুম অমান্য করতে পারি না। শহীদ হতে কোনো ভয় নেই।”