২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাসেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তা জোরদার: সেতুমন্ত্রী

সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে পদ্মাসেতু প্রকল্পে নিয়োজিত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার সকালে শ্রীনগরের দোগাছির পদ্মাসেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া-১ এ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্প এলাকায় নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃক্ষলা বাহিনীর। পদ্মাসেতু শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে।

“ইতোমধ্যে মূল সেতুর ২০টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং সেতুর সার্বিক অগ্রগতি ৩৬ শতাংশ। আশা করি, প্রকল্পের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।”

জঙ্গি হামলার ঘটনায় তার সরকার উদ্বিগ্ন কিন্তু শঙ্কিত নয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু ভেঙ্গে পড়িনি।”

এসময় সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল হামিদ, পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবুসহ অন্যনা উপস্থিত ছিলেন।