অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
শনিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দায়িত্বরত জেলা জজ রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শরিফ উদ্দিন আহম্মেদ (২০) সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ মামলার আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ কৌসুলি (এসপিপি) শাহজাহান কবীর ।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০০৭ সালের ১০ নভেম্বর হয়বতপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আসামিরা তাকে অপহরণ করে। এ ব্যাপারে পরের দিন মেয়েটির বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
