২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে: সেতুমন্ত্রী

জঙ্গিবাদ মোকাবেলায় উন্নত দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 06:18 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে মন্ত্রী একথা বলেন।

ঢাকায় দুদিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন।

সফর শেষে কলম্বো রওয়ানা হওয়ার আগে এক টুইটার বার্তায় তিনি সন্ত্রাসী হামলা ঠেকানো ও এসব ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান।

নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কিছু ঘটলে আমেরিকা ছুটে আসে। তাদের যে অবস্থা, তাদের ওখানে ভয়াবহ ঘটনা ঘটছে। তারা নিজেরাও নিজেদের সাহায্য করতে পারে।

তিনি বলেন, জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়। এটা আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক টেররিজম আন্তর্জাতিককভাবে মোকাবেলায় পারস্পারিক তথ্য, টেকনিক্যাল সহযোগিতা আদান-প্রদান হতেই পারে।

এ প্রসঙ্গে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে, ইস্তামবুলে বিমানবন্দরে ও যুক্তরাজ্যে পার্লামেন্ট সদস্য জঙ্গি হামলায় নিহত হওয়ার বিষয় উল্লেখ করেন।

তিনি বলেন, “গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরইমধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারব এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে।

“ট্র্যাকিং ডিভাইস ব্যবহারে আমেরিকা আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং যেসব টেকনিক্যাল সাপোর্টে আমাদের অভাব রয়েছে সেসব ক্ষেত্রে সহায়তা শুধু আমেরিকা নয় উন্নত সব দেশ থেকেই নেওয়া হবে।”

সড়ক পরিবহনে শৃংখলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ অতিক্রিম করতে না পারলে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বিআরটি নির্মাণ কোনো কাজে আসবে না বলে তিনি মনে করেন। 

সড়ক-মহাসড়কে থ্রি হুইলার, নসিমন-করিমন, ভটবটি কোনো অবস্থায়ই চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ছরোয়ার আলম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, কাচঁপুর হাইওয়ে পুলিশের ওসি শরীফুল ইসলাম প্রমুখ।