মাগুরার মন্দিরে পুরোহিতের খোঁজে ৪ যুবক
মাগুরা শহরের নতুন বাজারে চার যুবক কেন্দ্রীয় কালী মন্দিরে এসে পুরোহিতের খোঁজ করার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশের সন্দেহ, পুরোহিতের উপর হামলার জন্যই ওই যুবকেরা মন্দিরে আসে। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে যায়।
সোমবার সন্ধ্যায় ওই ঘটনার পর পুলিশ রাতভর মাগুরা শহরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ আসামিকে আটক করলেও তাদের মধ্যে সেই চার যুবকের কেউ নেই।
গত দেড় বছরে দেশের বিভন্ন স্থানে জঙ্গি হামলায় দেখা গেছে, তিনজন মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে চলে গেছে। আর মাগুরার ঘটনায় ওই চার যুবককে রিকশায় চড়ে আসতে দেখা গেছে সিসি টিভিতে।
এ ঘটনার পর মন্দির এলাকা এবং পুরোহিত পরেশ মজুমদারের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, রাত ১০টার দিকে তার কাছে খবর যায়- পায়জামা-পাঞ্জাবি পরা ও দাড়িওয়ালা এক যুবক সন্ধ্যার পরপরই ব্যাগ হাতে কেন্দ্রীয় কালী মন্দিরে প্রবেশ করে।
“সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবির নেওয়ার কথা বলে মন্দিরের সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ করেন।
“কিন্তু পুরোহিত মন্দিরে নেই এবং তিনি তাবিজ দেন না জানানো হলে তিনি তাবিজের পরিবর্তে ফুল নেওয়ার কথা বলে আবারও পুরোহিত কখন আসবেন জানতে চান।”
এসপি বলেন, ওই সময় স্থানীয় এক দর্শনার্থী ওই যুববকে জানান যে পুরোহিত সকালে আসবেন এবং অপরিচিত বা অন্য ধর্মের লোক হওয়ায় তাকে ফুল নিতে হলে পরিচিত কোনো হিন্দু ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সকালে আসতে হবে।
এসপি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি মন্দিরের ভেতর ও বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন।
“সেখানে মন্দিরের ভেতর প্রবেশ করা যুবকের হাতে একটি ব্যাগ দেখা গেছে। ওই ব্যাগে চাপাতি জাতীয় অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।
“ফুটেজ দেখে মনে হচ্ছে পুরোহিতের উপর হামলার উদ্দেশ্যে সন্দেহভাজন ওই যুবক মন্দিরে প্রবেশ করেছিল, কিন্তু পুরোহিতকে না পেয়ে তাদের মিশন ব্যর্থ হয়,” বলেন এসপি।
