যৌতুকের জন্য গাছে বেঁধে ‘নির্যাতন’, স্বামীসহ গ্রেপ্তার ২
যৌতুক না পেয়ে গাইবান্ধা সদরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
উপজেলার বোয়ালি ইউনিয়নের একটি গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।
আনুমাণিক ৩২ বছরের ওই গৃহবধূ গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তার স্বামী ফারুক হোসেন ও ফারুকের বড়ভাইকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, নয়বছর আগে ফারুক হোসেনের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়।
বিয়ের সময় যৌতুক হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা। কিন্তু সে সময় মেয়ের বাবা যৌতুক হিসেবে ফারুককে ৮০ হাজার টাকা দেন। অবশিষ্ট ২০ হাজার টাকা দিতে পারেননি।
গৃহবধূ বলেন, ২০১৩ সালে ফারুক হোসেন দুই সন্তান ও তাকে বাড়ি রেখে রাজমিস্ত্রি কাজের জন্য সিলেট যান। তারপর আর স্ত্রী-সন্তানের খোঁজ নেননি।
“যৌতুকের ২০ হাজার টাকা না দিলে ফারুক হোসেন আর বাড়ি ফিরবে না বলে আমাকে জানিয়ে দেয়। বাধ্য হয়ে ২০১৫ সালের শেষের দিকে আমি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যাই।”
তিনি আরও বলেন, এবার ঈদের ছুটিতে ফারুক হোসেন বাড়ি আসলে খবর পেয়ে তিনি দুই সন্তানকে নিয়ে শনিবার (৯ জুলাই) সকালে স্বামীর বাড়ি যান।
তাকে দেখেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা এনেছে কি না জানতে চায়।
টাকা আনেননি জানালে ফারুক ও তার বাড়ির লোকজন তাকে প্রথমে গালাগাল দেয় এবং পরে মারধর শুরু করে বলে তার অভিযোগ।
“এক পর্যায়ে আমাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে তারা,” বলেন তিনি।
বোয়ালি ইউনিয়নের ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি লোকজন নিয়ে গৃহবধূকে উদ্ধার করেন।
তিনি বলেন, রোববার দুপুরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানে। পরে গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে দেয় পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে ফারুক হোসেনসহ ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
“ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ফারুক হোসেন ও তার বড়ভাই জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
ওই গৃহবধূর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামরা গবির মানুষ। ছোলটার সুকের জন্যে জমি বেচি আশি হাজার ট্যাকা দিচি। বাকি ট্যাকা দিব্যার পাইনাই। তারজন্যে ছোলটেক মারল। হামরা এর বিচার চাই।”
এ বিষয়ে ফারুক হোসেন গ্রেপ্তারের পর সাংবাদিকদের বলেন, “আমার বউ ঘটনার দিন তালা ভেঙে আমার ঘরে ঢোকে। আমি ওকে বের হয়ে যেতে বলি। কিন্তু বের না হওয়ায় মারধর করেছি।”
