কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় অবৈধভাবে অস্ত্র মজুদ ও বেচাকেনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সদর দক্ষিণ উপজেলার উত্তর হাজাদিয়া গ্রামের বাড়ি থেকে নাসির মজুমদারকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ কুমিল্লার মেজর মো. মোস্তফা কায়জার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কায়জার বলেন, ওই এলাকার মো. হাবিবুর রহমান মজুমদারের ছেলে নাসির একজন ‘চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী’।দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে অবৈধভাবে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তিনি।
অস্ত্র ব্যবসা ছাড়াও এলাকায় চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রসী কার্যকলাপের সঙ্গে নাসির জড়িত বলেও জানান তিনি।
মেজর কায়জার আরও বলেন, নাসির অনেকদিন ধরেই র্যাবের নজরবন্দি ছিলেন। সম্প্রতি সীমান্ত থেকে অস্ত্র এনে বাড়িতে মজুদ করছেন এমন গোপন তথ্যে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
“পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি রামদা, দুটি মোবাইল ফোন সেট এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।”
