২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে ‘দুই ডাকাত দলের’ গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের মহেশখালীতে অধিপত্য বিস্তারের চেষ্টায় ‘দুই দল ডাকাতের’ গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 01:05 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার মাইজপাড়ার পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. বোরহান উদ্দিন জানান।

নিহত ফরিদুল আলম (৪০) ওই ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও জমি দখলের অভিযোগে মহেশখালী থানায় ২৪টি মামলা রয়েছে বলে পুলিশের তথ্য।  

এসআই বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে ‘দুই দল ডাকাতের গোলাগুলির’ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় দলের ডাকাতরা পালিয়ে যায়।

“পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ফরিদুলকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান বোরহান।

তিনি বলেন, “এলাকার আধিপত্য নিয়ে চিহ্নিত ডাকাত ফরিদুল আলম ও সেফু গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।