ঈদে মুখর জয়পুরহাট শিশু উদ্যান
ঈদকে ঘিরে জয়পুরহাট শহরের বিনোদন কেন্দ্র ‘শিশু উদ্যান’ দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে।
নামে শিশু উদ্যান হলেও সববয়সের মানুষই এখানে আসে বিনোদনের জন্য। জয়পুরহাট ছাড়াও উত্তরের বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসে।
ঈদের পরদিন শুক্রবার শিশু উদ্যানে সরেজমিন ঘুরে দেখা যায় উদ্যানে আসা নারী-শিশু-তরুণ-তরুণীরা আনন্দে ব্যস্ত রয়েছেন নিজেদের মতো।
বিনোদনের মাধ্যমে শিশুশিক্ষার পাশাপাশি উদ্যোনে রয়েছে চিরায়ত বাংলার হাজার বছরের নানা ঐতিহ্যের সমাহার।
গাইবান্ধার সাগর হোসেন, বগুড়ার শফিকুল ইসলামসহ আরও অনেকে জানান, দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কারণে তারা শঙ্কিত।
বিনোদন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিবিড় করা প্রয়োজন বলে মনে করেন তারা।
২০০৫ সালে জেলা শহরে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১৪ বিঘা জমির উপর গড়ে উঠেছে জয়পুরহাট শিশু উদ্যোন।
জয়পুরহাট শিশু উদ্যানের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম প্রিন্স বলেন, “ঈদ আনন্দের জন্য এই উদ্যান দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমাদের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।”
