২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুদল ‘ডাকাতের’ সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার সদরে সন্দেহভাজন দুদল ডাকাতের সংঘর্ষের পর এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকা থেকে মোহাম্মদ শওকতের (২৪) মৃতদেহ উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

শওকত সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালীর মৃত রাজা মিয়ার ছেলে।

পরিদর্শক বখতিয়ার বলেন, সকালে হিমছড়ি ঢালা এলাৃকায় রাস্তার পাশে পাহাড়ি জঙ্গলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বুকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গভীর রাতে ওই এলাকার চিহ্নিত ডাকাত বাহিনী ইদ্রিস ও আমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শওকতের মৃত্যু হয়।

লাশ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। শওকতের বিরুদ্ধে কক্সবাজার সদর ও চকরিয়া থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে পাঁচটির বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।