২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানের সঙ্গে দেখা করলেন তালেয়া

কাশিমপুর কারাগারে আটক সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে তার স্ত্রী তালেয়া রেহমান দেখা করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার ঈদের সকালে তালেয়া স্বামীর জন্য সন্দেশ ও বাসায় রান্না করা সেমাই নিয়ে যান।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, তালেয়া রেহমান ও দুই ভাতিজা সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে শফিক রেহমানের সঙ্গে দেখা করেছেন। তারা প্রায় আধাঘণ্টা সময় কাটান।

“এ সময় তারা শফিক রেহমানকে সেমাই ও সন্দেশ দিয়ে গেছেন।”

শফিক রেহমান কাশিমপুর কারাগারে এবার প্রথম ঈদ করেছেন। 

তালেয়া রেহমান বলেন, শফিক রেহমান ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া শারীরিক দুর্বলতায়ও ভুগছেন তিনি।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাকে। পরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়।

কারাগারে শফিক রেহমান বিভিন্ন লেখকের লেখা অনুবাদ করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মচারী জানান।