খুলনায় রথযাত্রা অনুষ্ঠিত
খুলনায় নানা আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর আর্য্য ধর্মসভা মন্দির থেকে তিনটি রথ নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। পরে প্রধান প্রধান সড়ক ঘুরে জোড়াগেট প্রেম কাননে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা দেড়টার দিকে এক অলোচনা সভা শেষে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।
উৎসবস্থল ও আশপাশে কঠোর নিরাপত্তায় ছিল পুলিশ।
আগামী ১৫ জুলাই ফিরতি রথের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শেষ হবে বলে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার।
শ্যামল হালদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনার (আপিল) প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ট কমল সেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সভাপতি বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, ঐক্য পরিষদ জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।
