২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চেয়ারম্যানের উপর বোমা হামলা

ঝিনাইদহ সদরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হাতবোমা হামলা হয়েছে। ওই সময় তিনি অক্ষত থাকলেও সঙ্গে থাকা ইউপি সদস্যসহ দুইজন সামান্য আহত হয়েছেন।  

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

মঙ্গলবার সন্ধ্যার পর বিষয়খালী বাজারে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলমকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।  

আহতরা হলেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান ও আনিসুর রহমান।

গত দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি জঙ্গি হামলায় মোটরসাইকেলে আসা তিনজনকে অংশ নিতে দেখা গেছে। এখানেও মোটরসাইকেলে আসা তিন যুবক বোমা নিক্ষেপ করেছে।

তবে এটি জঙ্গি হামলা কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, ইফতারের পর চেয়ারম্যান খুরশিদ আলম বিষয়খালী বাজারের একটি মসজিদে নামাজ পড়ে বের হয়ে কয়েকজনসহ রাস্তার পাশে এসে দাঁড়ান।

“ওই সময় তিন জন মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে তিনটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।”

বোমার স্প্লিন্টারে ইউপি সদস্য আতিকুর রহমান ও আনিসুর রহমান সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।