অস্ত্র –মাদকসহ যুবক আটক
যশোরে একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে বাঘারপাড়া উপজেলার খাজুরা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয় বলে খাজুরা পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ জানান।
গ্রেপ্তার মোক্তার হোসেন (২৯) ঢাকার সাভারের যাদবপুর গ্রামের সৈয়দ আহমেদ ওরফে মাহমুদ আলীর ছেলে।
ওই সময় কৌশলে শামসুদ্দিন আহমেদ (৩৫) ও রানা (২৫) নামের তার দুই সহযোগী পালিয়ে যায় বলে জানান এএসআই মাসুদ।
শামসুদ্দিন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খানবানিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং রানা সাভারের হেমায়েতপুর বাজারের পান দোকানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ফিলিং স্টেশনের সমানে ‘সময় টিভির’ স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে থামতে সংকেত দেয় টহল পুলিশ।
“এ সময় গাড়ি থেকে নেমে শামসুদ্দিন ও রানা দৌড়ে পালাতে সক্ষম হলেও পুলিশের হাতে আটক হন মোক্তার।”
এএসআই বলেন, “মোক্তারকে আটকের পর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, শটগানের এক রাউন্ড গুলি, ১৪৫ বোতল ফেনসিডিল ও ছোট-বড় তিনটি ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার করা হয়।”
এ বিষয়ে সময় টিভির যশোর প্রতিনিধি জুয়েল মৃধা বলেন, “কোনো চোরাচালানকারী দলের সদস্য চ্যানেলের স্টিকার নকল করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।”
