ঈদযাত্রার পিকআপ খাদে, নিহত ৮
ঈদযাত্রার সড়কে ময়মনসিংহ সদর উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মোবারক হোসেন (৩৫), তার স্ত্রী মিনারা বেগম (৩০), খোকন মিয়া (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার (৩০), আজিজুল হক (১৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সারমারা গ্রামের সাগর মিয়া (২৫)।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (কোতোয়ালি) মো. আবদুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবোঝাই একটি পিকআপ শহরতলির বেলতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ওটিকে ধাক্কা দেয়।
এতে পিকআপটি পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
“আহত ১৫ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।”
হতাহতরা সবাই পিকআপের যাত্রী। তারা ঈদ করতে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান।
