২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের টাকা দিতে গিয়ে চীনাসহ আটক ৭

প্রশাসনের অনুমতি ছাড়া কক্সবাজারের টেকনাফে অনিবন্ধিত রোহিঙ্গাদের মাঝে টাকা বিতরণের অভিযোগে পাঁচ চীনা নাগরিকসহ সাতজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 11:42 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

সোমবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ অভিযান চালানো হয় বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

আটকরা হলেন বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন (৩৪), শেলি (২৫), ইহা মিন গো (৩৭) এবং কক্সবাজারের দক্ষিণ রুমালিয়াছড়া বাসিন্দা জামিল তাহের (৩৯) ও টেকনাফ সদরের মোহাম্মদ শফিউল্লাহ (৪২)।

আবুজার আল জাহিদ বলেন, “চীনা নাগরিকসহ ওই সাতজন অনিবন্ধিত রোহিঙ্গাদের মাঝে ঈদ উপলক্ষে নগদ টাকা বিতরণ করছিল।

“বিজিবি সদস্যরা তাদের কাছে প্রশাসনের অনুমতির ব্যাপারে জানতে চায়। এ নিয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাদের আটক করা হয়। 

“এ অভিযানে ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ টাকা, এক হাজার ৯০০ মার্কিন ডলার, দুই হাজার ৬২৫ চায়না ইয়েন, সাতটি মোবাইল ফোন, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ১৬টি ক্রেডিট কার্ড, তিনটি ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়।”

আটককৃতদের মুদ্রা ও অন্য সামগ্রীসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে আবুজার আল জাহিদ জানিয়েছেন।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।