২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টার্গেট কিলিংয়ের প্রতিবাদে সমাবেশ ঝিনাইদহে

ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের বিভিন্ন স্থানে টার্গেট কিলিংয়ের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে ঝিনাইদহে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

‘খুন, ধর্ষণ, জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন’ এর ব্যানারে সোমবার এ প্রতিবাদে কয়েকটি সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

ঢাকা থেকে সকালে তারা ঝিনাইদহ সদরের কাষ্ঠসাগরা গ্রামে শ্রী শ্রী রাধামদন গোপাল বিগ্রহের মঠে যান, যেখানে সেবায়েত শ্যামানন্দ দাস খুন হন।

এরপর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মঠ প্রাঙ্গণে নিহত সেবায়েতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করেন।

পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা।

সমাবেশে যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াজ, ক্ষেতমজুর সমিতির সাধরণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র ইউয়িনের সাধারণ সম্পাদক জিলানী শুভ, খেলাঘরের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান সাগর ও উদীচীর জামশেদ আনোয়ার, নিমাই গাঙ্গুলী, তারিখ হোসেন মিঠুন, হরেন্দ্র নাথ সিং ও ঝিনাইদহ জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তোয়াব অপু বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ।

বক্তরা ঝিনাইদহের সেবায়েত শ্যামানন্দ দাস, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও গুলশানের হত্যাকাণ্ডসহ সারাদেশে টার্গেট কিলিংয়ের বিচার দাবি করেন।

ঢাকার গুলশানে একটি স্প্যানিশ বেকারিতে জিম্মি সংকট চলাকালে শনিবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের সেবায়েত পঞ্চাশোর্ধ্ব ভবসিন্ধু বরকে কুপিয়ে আহত করে অজ্ঞাত অস্ত্রধারীরা। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলাশনের ওই হোটেলে ২০ বিদেশি জিম্মিকে জবাই করে হত্যা করা হয়। 

এর আগে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। এর এক মাস আগে গত ৭ জুন একই উপজেলার পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে হত্যা করে অস্ত্রধারীরা।

গত দেড় বছরে লেখক-প্রকাশক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সমকামী অধিকার কর্মী, বিদেশি, বৌদ্ধভিক্ষু, ধর্মান্তরিত ও ভিন্ন মতের মুসলিম ধর্মগুরুসহ বেশ কয়েকজন হিন্দু পুরোহিতকে একই কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এসব ঘটনার বেশ কয়েকটিতে জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও  সরকার দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে।