ট্রাকচাপায় শিশুর মৃত্যু
গাজীপুর সদর উপজেলায় দৌড়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন খান জানান।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার বিকে বাড়ি এলাকার আবু বকরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মায়ের হাত ধরে যাচ্ছিল জাহিদুল।
“এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক আসতে দেখে জাহিদ মায়ের হাত ছেড়ে দৌড়ে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় আহত হয়।”
স্থানীয়দের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।
