২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আহত পুরোহিতকে ঢাকায় প্রেরণ

সাতক্ষীরা সদরে ধারালো অস্ত্রের আঘাতে আহত পুরোহিত ভবসিন্দু বরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 03:02 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

ঢাকার গুলশানে জিম্মি সংকট চলার মধ্যেই শনিবার ভোররাত ৪টার দিকে ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের মধ্যে নিজের বাসস্থানে ভবসিন্ধু বরের উপর হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা। কুপিয়ে জখম করার পর মৃত ভেবে তাকে ফেলে যায় হামলাকারীরা।

একদিন আগে ঝিনাইদহ সদরে এক পুরোহিতকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা।

ভবসিন্ধু বর একই উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিনাম বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মন্দিরে পৌরহিত্য করছেন। থাকেন মন্দিরের একটি কক্ষে।  

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিতকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পরে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।  

ভবসিন্ধু রাতে মন্দিরেই ঘুমিয়েছিলেন। ভোররাত ৪টার দিকে মুখে কাপড় বাঁধা ৬/৭ জন অস্ত্রধারী মহল্লায় পাহারারত গ্রাম পুলিশকে মারপিট করে আটকে রেখে।

এরপর ঘুমিয়ে থাকা পুরোহিতকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দায়িত্বরত এসআই হিমেল বলেন, নতুন করে যাতে কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গত দেড় বছরে লেখক-প্রকাশক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সমকামী অধিকার কর্মী, বিদেশি, বৌদ্ধভিক্ষু, ধর্মান্তরিত ও ভিন্ন মতের মুসলিম ধর্মগুরুসহ বেশ কয়েকজন হিন্দু পুরোহিতকে একই কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

সর্বশেষ শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।