যশোরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
যশোর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে কানাইতলা এলাকায় নিহত ফারুক হোসেন (৪২) সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আবু বকরের ছেলে।
পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
কিন্তু নিহতের স্ত্রীর দাবি, শুক্রবার সকালে পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে কানাইতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়।
“ওই সময় তিনি ডাকাতদের গুলিতে আহত হন। রাত সাড়ে ৩টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।”
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা, ৫০ হাত লম্বা দড়ি ও একটি ব্যাগ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ফারুকের স্ত্রী তাসলিমা বেগম শনিবার সকালে ছবি দেখে তাকে শনাক্ত করেন।
তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে নদীতে তার স্বামী পাট পরিষ্কার করছিলেন। ওই সময় পুলিশ পরিচয়ে দুই মোটরসাইকেলে আসা চারজন তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ফারুক হোসেন নিখোঁজ ছিলেন।
