যশোরে যুবক গুলিবিদ্ধ, অবস্থা ‘সঙ্কটাপন্ন’
যশোর সদরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন, যার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
তবে কে তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার গভীর রাতে কানাইতলা এলাকায় আহত ওই ব্যক্তিকে (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ওই ব্যক্তির পরনে লুঙি ও শার্ট ছিল। তার মাথার ডান পাশে গুলি ঢুকে বামপাশ দিয়ে বের হয়েছে।
তার অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
