বিসিআইসির ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাগেরহাটে কৃষকের জন্য উত্তোলন করা সার কালোবাজারে বিক্রির অভিযোগে বিসিআইসির এক ডিলারের বিরুদ্ধে মামলা করেছে কৃষি বিভাগ।
শুক্রবার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দর সানা বাদী হয়ে এ মামলা করেন বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান।
মামলায় উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বাজারের ‘মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের’ স্বত্বাধিকারী বেগ মাহাফুজুর রহমান বাদলকে আসামি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে মহাদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহাফুজুর দীর্ঘদিন ধরে সার উত্তোলন করে কৃষকের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছেন বলে অভিযোগ কৃষি বিভাগে অভিযোগ আসে।
“এর পরিপ্রেক্ষিতে মাহাফুজুরের নামে গত ৮ ও ২৫ জুন বরাদ্দ দেওয়া সারের হিসাব নিতে কৃষি কর্মকর্তারা সরেজমিনে তার গুদাম পরিদর্শনে যান। গুদামে সার না পেয়ে হিসাব জানতে চাওয়া হলে মাহাফুজুর জবাবদিহি করতে ব্যর্থ হন।”
মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এ বিষয়ে জানতে মাহাফুজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
