বাস খাদে, ঈদযাত্রায় মা-ছেলের মৃত্যু
ঈদ করতে বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস খাদে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মিজানুল হক জানান।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী নাদিরা আক্তার (২৯) ও তার আট মাস বয়সী শিশু আনাস।
ওসি জানান, ঈদের ছুটিতে স্ত্রী-ছেলেকে নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছিলেন কামরুজ্জামান।এ ঘটনায় তিনিও আহত হয়েছেন।
“চালক নিয়ন্ত্রণ হারালে অনন্যা সুপার পরিবহনের বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাদিরা ও আনাসের মৃত্যু হয়।”
আহতদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারে কাজ করছে।
