২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পাচারের সময় ১৬ মেট্রিক টন ত্রাণের চাল জব্দ

নড়াইলের লোহাগড়ায় পাচারের সময় ত্রাণের ১৬ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 05:59 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে ৩২০ বস্তা চাল বোঝাই ট্রাক জব্দ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা।

এ সময় বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী পালিয়ে যান বলে জানান তিনি।

ইউএনও সেলিম রেজা বলেন, উপজেলার কোটাকোল ইউনিয়নের ত্রাণের ১৬ মেট্রিক টন চাল দুঃস্থদের মাঝে বণ্টন না করে খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ চাল জব্দ এবং ট্রাক চালক তরিকুলকে আটক করা হয়েছে।

“চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বলে তরিকুল জানিয়েছেন। তবে কে বা কারা নিয়ে যেতে বলেছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে দাপ্তরিক কাজে বাইরে ছিলেন দাবি করে খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী  বলেন, “ঘটনার সঙ্গে আমি জড়িত নই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।”