ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সদস্যদের পদত্যাগ
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেপ্তার নীলফামারীর জলঢাকার কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের মুক্তির দাবিতে পদত্যাগ করেছেন ইউনিয়নের ১২ সদস্য।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা পদত্যাগপত্র দেন বলে জানান কাঁঠালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম।
তিনি বলেন, সোহরাব হোসেন তুহিন কাঁঠালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
“গত ১৪ জুন একটি মিথ্যা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”
এ ঘটনার পরের দিন থেকে তার জামিনের জন্য আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেনি বলে জানান তিনি।
আবুল কাশেম বলেন, এ বিষয়ে বুধবার সকালে ইউনিয়ন পরিষদে এক জরুরি বৈঠক ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
“পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাই। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজে বাইরে থাকায় তার পক্ষে দপ্তরের সহকারী তা গ্রহণ করেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী সিরাজুল ইসলাম বলেন, “স্যার দাপ্তরিক কাজে ঢাকায় গেছেন। কাঁঠালী ইউনিয়ন পরিষদের ১২ জন পদত্যাগের আবেদনপত্র নিয়ে এসেছিলেন। আমি তাদের আবেদনটি রিসিভ করে স্যারকে জানিয়েছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঁঠালী ইউনিয়ন পরিষদের ১২ সদস্য পদত্যাগের একটি আবেদন দিয়েছেন বলে অফিস সহকারীর মাধ্যমে জানতে পেরেছি।”
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় গত ১৪ জুন চেয়ারম্যান তুহিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
