কৃষি কর্মকর্তাকে ‘মারধর’: আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নীলফামারীর জলঢাকা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জলঢাকা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান মামলাটি করেন।
মামলায় তুহিন ছাড়াও অজ্ঞাত পরিচয়ের ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সাদেকুজ্জামানের ভাষ্য, রোববার বেলা আনুমানিক ৩টার দিকে তুহিন তার দপ্তরে যান।সেখানে গিয়ে সরকারের ধান সংগ্রহের অভিযানে তার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে কৃষকের নাম তালিকায় কম হওয়ার অভিযোগ তুলে গালিগালাজ করেন।
এক পর্যায়ে ডেস্ক ক্যালেন্ডার দিয়ে তাকে এলোপাতাড়ি মারলে কপাল ও মুখমন্ডল কেটে যায় বলে অভিযোগ কৃষি কর্মকর্তার।
খবর পেয়ে সহকর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচারকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন বলেও জানান সাদেকুজ্জামান।
