কৃষি কর্মকর্তাকে ‘মারধর’, আ. লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের মামলায় সেই আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে কাঁঠালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন শেখ বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামানের অভিযোগে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
“সোমবার সাদেকুজ্জামান থানায় অভিযোগ করেন, রোববার দুপুরে তার দপ্তরে গিয়ে তাকে মারধর করেছেন তুহিনসহ ১৫-২০ জন।”
এ ব্যাপারে সোহরাব হোসেন তুহিনের ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল বলেন, “তিন তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তুহিনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”
