ধামরাইয়ে দর্জি দোকানিকে পিটিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে এক দর্জি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে।
রোববার ধামরাইয়ের দোনিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার ওসি রিজাউল হক।
নিহত মো. মাসুদ (৩৮) ধামরাই উপজেলার সূত্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নিহতের চাচা মো. নজুমুদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে দোনিগ্রাম এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মাসুদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু মাসুদ চাঁদা দিতে রাজি হননি।
“সকালে স্ত্রীকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল প্রতীক সিরামিকসে পৌছে দেন মাসুদ। সেখান থেকে বাসায় ফেরার পথে দোনিগ্রাম খালপার এলাকায় ওই চাঁদাবাজরা তাকে পিটিয়ে আহত করে।”
স্থানীয়রা উদ্ধার করে ধামরাইয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নজুমুদ্দিন।
ওসি রিজাউল হক বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
