২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিসৌধে এপিবিএন সদস্যকে মারধর, তিন ছেলেসহ মালি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে এপিবিএন ক্যাম্পের দুই সদস্যকে মারধরের  ঘটনায় সেখানকার এক মালি ও তার তিন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শুক্রবার রাতের ওই ঘটনায় এপিবিএন ক্যাম্পের এসআই বেলাল হোসেন মামলা করেন বলে টুঙ্গিপাড়া থানার এসআই শিরিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতপরিচয় আসামি ৩/৪  জন।

এসআই শিরিরুল বলেন, শুক্রবার রাতেই ঘটনার ‘মূল হোতা’ মামুন হাওলাদার বাবুল (২৮), তার ভাই আকরাম হাওলাদার কোরবান (২৬), ইমরান হাওলাদার (২১) ও তাদের বাবা সমাধিসৌধের মালি মো. সোবাহান হওলাদারকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।

আহত এপিবিএন সদস্য মো. আবির মাহামুদ (৩৫) ও সোহান খানকে (৩৪) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে এসআই শিরিরুল বলেন, মালি মো. সোবাহান হওলাদারের ছেলে মামুন হাওলাদার বাবুল শুক্রবার ভোর ৬টার দিকে তার স্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করতে চান। কর্তব্যরত এপিবিএন সদস্য প্রবেশের সময় হয়নি বলে তাদের বাধা দিলে বাবুল তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যায়।

“পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে বাবুলের নেতৃত্বে ৮/১০ জন লোক হকিস্টিক, লোহার রড, হাতুড়ি নিয়ে সমাধিসৌধের এপিবিএন ক্যাম্পের সামনে এসে কর্তব্যরত কনস্টেবল মো. আবির মাহামুদ ও সোহান খানকে মারধর করে।”

এ ঘটনায় রাতে পুলিশ ও এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বাবুল, তার দুই ভাই ও বাবাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

আহত এপিবিএন সদস্য আবির বলেন, সকাল ৮টার আগে কাউকে সমাধিসৌধে প্রবেশ করতে দেওয়া হয় না।

টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক বলেন, গ্রেপ্তার চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।