গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে শিক্ষক নিহত
গোপালগঞ্জ সদরে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন; আহত হন চার জন।
শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইয়াকুব আলী (৩২) খুলনার তেরখাদা উপজেলার চরপাতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ মাদ্রাসার হাদিস বিভাগের শিক্ষক ছিলেন।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এস আই লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই ওই মাদ্রাসাশিক্ষকসহ পাঁচ জন আহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর ইয়াকুব মারা যান।”
