ভেড়ামারায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারের বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার উপজেলার চাঁদগ্রামে এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান।
আহতদের মধ্যে ভেড়ামারার চাঁদগ্রামের খোশবার আলীর ছেলে সাইফুল (২৮), নজরুল ইসলামের ছেলে সোহাগ (২৫) ও এলাহী মালিথার ছেলে হাফিজুল ইসলামকে (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগের পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়েছে।
অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত এএসপি কামরুল বলেন, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে স্থানীয় মিনাজ ও এনামুলের লোকজন সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
“পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে একজন আহত হন। পরে ঘটনাস্থল একজনকে আটক করা হয়।”
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া জাহান জানান, সোহাগের বাম পায়ে গুলি লেগেছে।
