২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১০ স্বর্ণের বারসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে দুটি বাসে তল্লাশি চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

আটককৃতরা হলেন টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়ার মোহাম্মদ ওসমান (৫২), মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাগকুড়া গ্রামের মোহাম্মদ রফিক (২৭) ও একই এলাকার মোহাম্মদ আরাফাত (২৬)।

বিজিবি কর্মকর্তা আবুজার আল জাহিদ বলেন, সকালে টেকনাফ থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওসমানের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে স্যান্ডেলের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি বার পাওয়া যায়।

উদ্ধার চার স্বর্ণের বারের ওজন ৫৭ ভরি ২ রতি, মূল্য ২২ লাখ ৮০ হাজার ৮০০ টাকা বলে জানান তিনি।

এদিকে দুপুরে আরেকটি বাসে তল্লাশি চালিয়ে ছয়টি স্বর্ণের বারসহ মিয়ানমারের নাগরিক রফিক ও আরাফাতকে আটক করা হয় বলে জানান বিজিবি আবুজার।

তিনি বলেন, “টেকনাফ থেকে ঢাকাগামী তোবা লাইন পরিবহনের যাত্রী রফিক ও আরাফাত বিশেষ কৌশলে পায়ুপথে করে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।”

যার ওজন ৮৫ ভরি ৭ আনা ৫ রতি, মূল্য ৩৪ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে মামলা এবং উদ্ধার হওয়া স্বর্ণ টেকনাফের শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।