ফরিদপুরে টেম্পু-পিকআপ সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের বোয়ালমারীতে টেম্পু ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আলফাডাঙ্গা সংযোগ সড়কের ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালমারীর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন সালথা উপজেলার বাবুই খোলা গ্রামের জাবের ফরাজি (৫০) ও ফরিদপুর কোতোয়ালি থানার আড়–য়াডাঙ্গি গ্রামের ইয়াকুব ওরফে আকু ডাক্তার (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, টেম্পুটি যাত্রী নিয়ে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গায় যাচ্ছিল। পথে বিপরীতমুখী পিকআপের ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
“এতে টেম্পু যাত্রী জাবের ফরাজি ও আকু ডাক্তার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই শহিদুল।
